শিরোনাম:

সিলেটে ন্যাশনাল লাইফের ৮ কোটি ৪০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ 

নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৩, ২০২২


ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী সিলেটে ৮ কোটি ৪০ লাখ টাকার বীমা দাবী পরিশোধ করেছে। গত ২২ অক্টোবর কোম্পানীর জিন্দাবাজারস্থ সিলেট এরিয়া অফিসে আয়োজিত বীমা দাবীর চেক প্রদান ও উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের মাঝে উক্ত টাকার চেক হস্তান্তর করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। কোম্পানীর সিলেট এরিয়া প্রধান জাফর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বি-বাড়ীয়া ও মৌলভী বাজার এরিয়া প্রধান মোঃ মফিজুল ইসলাম। এতে সিলেট এরিয়ার জোন প্রধানগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিলেট এরিয়ার ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশ নেন। 

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন ন্যাশনাল লাইফ যথাসময়ে  গ্রাহকের দাবী পরিশোধ করে থাকে। মহামারী করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবীর চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে ও ব্যবসা ভালো হচ্ছে। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা দিকনির্দেশনা প্রদান করেন।