শিরোনাম:

আসরের নামাজের পর গেণ্ডারিয়ায় ধুপখোলা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত

নিজস্ব রিপোর্ট ডিসেম্বর ২৫, ২০২৩


ইন্স্যুরেন্স নিউজ বাংলা: সিটি গ্রুপ ও সময় টেলিভিশনের চেয়ারম্যান শিল্পপতি ফজলুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে।
আজ সোমবার আসরের নামাজের পর রাজধানীর গেণ্ডারিয়ায় ধুপখোলা মাঠে তার নামাজে জানাজাঅনুষ্ঠিত হয়। তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।
এর আগে, ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজলুর রহমান। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংসহ নানা খাতে বিনিয়োগ করতে শুরু করে। নব্বই দশকের শুরুর দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। এরই ধারাবাহিকতায় বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে কাজ করছে প্রায় ২৫ হাজার শ্রমিক।