শিরোনাম:

বীমা দাবী পরিশোধে আইডিআরএ'র উদ্যোগ প্রশংসনীয় : মোঃ  কাজিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৮, ২০২৬


নিজস্ব প্রতিবেদক: বীমা দাবী পরিশোধে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। তিনি বলেন, যেসব বীমা কোম্পানী গ্রাহকদের পাওনা পরিশোধ করতে পারছে না, সেসব প্রতিষ্ঠানের সম্পদ ও সরকারী ট্রেজারি বন্ডে থাকা অর্থ কাজে লাগিয়ে গ্রাহকদের টাকা পরিশোধের উদ্যোগ ইতিবাচক।
ইনস্যুরেন্স নিউজ বাংলার সাথে আলাপ কালে তিনি এসব কথা বলেন।
মোঃ কাজিম উদ্দিন বলেন, বর্তমান আইডিআরএ চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই। তিনি আসার পর থেকে বেশ বলিষ্ঠ ভূমিকা রাখছেন এবং জোরালো পদক্ষেপ নিচ্ছেন। বিশেষ করে যেসব কোম্পানী গ্রাহকদের টাকা দিতে পারছে না, তাদের সম্পদ বিক্রি করে এবং সরকারী ট্রেজারি বন্ডে থাকা অর্থ কাজে লাগিয়ে টাকা পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আমি মনে করি, এটি একটি ভালো উদ্যোগ।
তিনি বলেন, দ্বিতীয় দফায় গ্রাহকদের টাকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছেচে। গ্রাহকরা বুঝতে পারছেন, তাদের টাকা ফেরত দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রাহকদের আস্থা ফেরাতে ব্যাংক খাতের উদাহরণও দেন ন্যাশনাল লাইফের সিইও। তিনি বলেন, কয়েকটি ব্যাংক একীভূত হওয়ার পর গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন নেওয়া হয়েছিল। টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর দেখা গেছে, টাকা নেওয়ার জন্য যত আবেদন করা হয়েছিল, তার অর্ধেকও এখন পর্যন্ত টাকা নিতে আসেননি। তার মতে, এর মধ্য দিয়ে গ্রাহকদের আস্থা ধীরে ধীরে ফিরছে। মোঃ কাজিম উদ্দিন বলেন, এটি একটি ইতিবাচক দিক।
বীমা খাতেও একইভাবে আস্থা ফেরানো সম্ভব বলে মনে করেন তিনি। এ ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর পদক্ষেপের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
মোঃ কাজিম উদ্দিন বলেন, বীমা খাতেও বর্তমানে আইডিআরএ চেয়ারম্যান যে জোরালো ভূমিকা রাখছেন, সেটি প্রশংসনীয়। বিশেষ করে গণমাধ্যমে বিষয়গুলো যেভাবে তুলে ধরা হচ্ছে, সেটিও ভালো উদ্যোগ। আমি মনে করি, এটি একটি সাহসী পদক্ষেপ।
তিনি আরও বলেন, আমরা আশাবাদী  ইনশাআল্লাহ বীমা শিল্পে অনেক দূর এগিয়ে যাব। ধীরে ধীরে এই খাতের আস্থার সংকটও দূর হয়ে যাবে।