শিরোনাম:
ডেস্ক রিপোর্ট: আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য বীমা সেবা সম্প্রসারণ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।
রোববার (২৯ মার্চ) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আস্থা লাইফের পক্ষে লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) মো. খায়রুল বাশার এবং বিএএসবি’র পক্ষে মেজর মশিউল আলম মাশুক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএএসবি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবসরপ্রাপ্ত সেনাদের আস্থা লাইফের ফিন্যান্সিয়াল এসোসিয়েট, ইউনিট ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে নিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় আনন্দিত। এছাড়া সাশ্রয়ীমূল্যে বীমা পরিকল্পনা গ্রহণের মাধ্যমে তারা নিজ ও পরিবারের আর্থিক ঝুঁকি কমাতে পারবে।
আস্থা লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, বিএএসবি’র সাথে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ২০টি ডিএএসবি ও ৬১টি ডিসপেনসারিতে বীমা সচেতনতা, প্রশিক্ষণ ও সেবা সম্প্রসারণের নতুন সুযোগ সৃষ্টি হবে।
এই উদ্যোগে দুই পক্ষের যৌথ প্রচেষ্টা দেশের অবসরপ্রাপ্ত সেনাদের আর্থিক নিরাপত্তা ও বীমা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।